মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রোনালদোর গোলেও টানা দ্বিতীয় ম্যাচে হার আল নাসরের


আবারও গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তার গোল দলকে রক্ষা করতে পারল না। সৌদি প্রো লিগে আল কাদসিয়াহর বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল আল নাস্‌র।

৯ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ণ 

রোনালদোর গোলেও টানা দ্বিতীয় ম্যাচে হার আল নাসরের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সৌদি প্রো লিগে নিজেদের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাস্‌র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে সবগুলো গোলই আসে দ্বিতীয়ার্ধে।

৫১তম মিনিটে হুলিয়ান কিনিওনেস গোল করে সফরকারী আল কাদসিয়াহকে এগিয়ে দেন। এরপর ৬৬তম মিনিটে নাইতান নান্দেস গোল করলে ব্যবধান বেড়ে যায় ২-০। ম্যাচের শেষদিকে ৮১তম মিনিটে স্পট-কিক থেকে গোল করে আল নাস্‌রকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে বাকি সময়ে সমতায় ফেরার মতো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে টানা ২৫টি পঞ্জিকাবর্ষে গোল করার অনন্য কীর্তি গড়লেন রোনালদো। হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৫৮-এ। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৪ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন ৪০ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

লিগের শুরুতে দারুণ ফর্মে ছিল আল নাস্‌র। সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচেই জয় তুলে নেয় তারা। তবে এরপর থেকেই ছন্দ হারিয়েছে দলটি। শেষ তিন ম্যাচে জয়হীন তারা। গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ ড্রয়ের পর নতুন বছরের শুরুতেই আল-আহলির কাছে ৩-২ গোলে হারে আল নাস্‌র। সেই হতাশার ধারাবাহিকতাতেই এলো আরেকটি পরাজয়।

দুই সপ্তাহ আগেও লিগ টেবিলের শীর্ষে থেকে ৪ পয়েন্টে এগিয়ে ছিল আল নাস্‌র। বর্তমানে চিত্রটা পুরো উল্টো। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আল হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল নাস্‌র।