বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা


আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৮ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারকে।

আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। এতে অংশ নেওয়া ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ নারী দল ‘এ’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

বাছাইপর্বের উদ্বোধনী দিন ১৮ জানুয়ারি কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির বিপক্ষে এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলবে নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আবারও আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই বাছাইপর্বে ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্সের কোনো বিকল্প নেই বাংলাদেশের নারী দলের সামনে।

বাংলাদেশ নারী দলের ঘোষিত স্কোয়াডে রয়েছেন-  নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।