বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিশ্বকাপে খেলতে ভারতে যেতে বাধ্য নয় বাংলাদেশ, আইসিসির কোনো নির্দেশ নেই: বিসিবি সভাপতি


আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির বরাত দিয়ে প্রকাশিত সাম্প্রতিক একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনকে ভিত্তিহীন ও গুজব বলেও দাবি করেছেন তিনি।

৭ জানুয়ারী ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ 

বিশ্বকাপে খেলতে ভারতে যেতে বাধ্য নয় বাংলাদেশ, আইসিসির কোনো নির্দেশ নেই: বিসিবি সভাপতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে- এমন কোনো নির্দেশ বা বাধ্যবাধকতা আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়নি।

তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ উল্লেখ করে বলেন, আইসিসি কখনোই বাংলাদেশকে ভারতে না গেলে পয়েন্ট কাটা যাবে বা ওয়াকওভার দিতে হবে- এমন কিছু জানায়নি।

বিসিবি সভাপতি আরও জানান, ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি জানায়নি। বুলবুল বলেন,‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাইছি না। আমরা ইমেইলের মাধ্যমে আগেই জানিয়েছি, আমাদের প্রধান উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা। গতকাল রাতেও তারা সেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ড কেন শঙ্কিত- তার সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা খুব শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর কেবলই গুজব।‘

মূলত মঙ্গলবার মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি বাংলাদেশের আপত্তি নাকচ করে দিয়েছে এবং বিশ্বকাপে খেলতে হলে ভারতকেই ভেন্যু হিসেবে মেনে নিতে হবে। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও সিইওর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইসিসির পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনো উদ্বিগ্ন। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর কোনো খবরে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে বিসিবি।