বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ


বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

৫ জানুয়ারী ২০২৬, ৩:২০ অপরাহ্ণ 

দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে- যার কোনো যৌক্তিক বা গ্রহণযোগ্য কারণ এখনো জানা যায়নি। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজুর রহমানকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের দলে নেই।

খেলোয়াড়দের প্রতি এমন আচরণের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের এই কঠোর অবস্থানকে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে ২০২৬ সালের আইপিএল আসর বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা যাবে না।