শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল


দোহায় রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে ৬–৫ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পর্তুগাল। বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও পর্তুগাল।

২৫ নভেম্বর ২০২৫, ৮:১০ পূর্বাহ্ণ 

ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছে পর্তুগাল। সোমবার রাতে দোহায় অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৬–৫ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইউরোপের ফুটবল পরাশক্তি। এখন তাদের শিরোপা লড়াই হবে অস্ট্রিয়ার বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে সরব ছিল দুই দল। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নিলেও কোনো দল জালের দেখা পায়নি। বিরতির পরও দুপক্ষই সুযোগ তৈরি করলেও গোলশূন্যই ছিল নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শ্যুটআউটের প্রথম পাঁচ শটে দুই দলই নিখুঁত ছিল। এরপর শুরু হয় উত্তেজনা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটে ব্যর্থ হলেও পরক্ষণেই তিনি ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে দলকে রক্ষা করেন।

শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো শট আকাশে তুলে দিলে শেষ হয় লড়াই। পর্তুগালের খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে শুরু হয় আনন্দোৎসব।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফলে আগামী বৃহস্পতিবার, ২৭ নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগাল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।