বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেমস রদ্রিগেজ


দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কলম্বিয়ার ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ 

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেমস রদ্রিগেজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজকে। দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রদ্রিগেজ বলেন, ‘অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে-কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই গোল করে নিজের আগমনের জানান দেন তিনি। এরপর ধীরে ধীরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে ২০১৪ বিশ্বকাপে। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন রদ্রিগেজ। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তাঁর করা দুর্দান্ত ভলি গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোল হিসেবে জায়গা করে নেয়। ওই বিশ্বকাপের পরই তাঁকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্ট শেষে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করেন তিনি।

কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬- তিনটি বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া।

জাতীয় দলের জার্সি পরার অনুভূতিও বিদায়বার্তায় তুলে ধরেছেন রদ্রিগেজ। তিনি বলেন, এই জার্সি পরা ছিল তাঁর স্বপ্ন, একই সঙ্গে ছিল বিশাল দায়িত্ব। প্রতিবার মাঠে নামার সময় তিনি শুধু নিজের জন্য নয়, পরিবার, সতীর্থ এবং হাজারো কলম্বিয়ানের জন্য খেলেছেন।

জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি অধিনায়কত্ব করার সুযোগ পাওয়াকেও বিশেষ সম্মানের হিসেবে উল্লেখ করেছেন তিনি। রদ্রিগেজ বলেন, সম্মান, দায়িত্ববোধ ও কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার তাৎপর্য অনুধাবন করে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়ও এসেছে, তবে দেশের জার্সির প্রতি গর্ব কখনও কমেনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে গত ৭ জুলাই টাইব্রেকারে হেরে যাওয়া শেষ ষোলোর ম্যাচটিই হয়ে থাকল রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কলম্বিয়ার জার্সিতে ১৩১ ম্যাচ খেলে তিনি করেছেন ৩১ গোল। পাশাপাশি তাঁর নামের পাশে রয়েছে ৪৩টি অ্যাসিস্ট।

২০২৪ কোপা আমেরিকাতেও কলম্বিয়ার নেতৃত্ব দেন রদ্রিগেজ। তাঁর অধিনায়কত্বে ফাইনালে ওঠে দলটি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় কলম্বিয়া।

জাতীয় দলকে বিদায় জানালেও এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন তিনি। ক্লাব পর্যায়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিদায়বার্তায় রদ্রিগেজ বলেন, ‘আমি শান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। কারণ আমি সবকিছু উজাড় করে দিয়েছি। প্রত্যেকটি মুহূর্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়া।’