শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনকে কীভাবে ক্ষতিগ্রস্ত ও বাধাগ্রস্ত করা যায়, সে লক্ষ্যেই এসব ষড়যন্ত্র চলছে। তাই আগামী ১২ তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

২৯ জানুয়ারী ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ 

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভেতরে ভেতরে পরিকল্পনা করে তারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তাই আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ যদি ১২ তারিখে সতর্ক থাকে এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। এই বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ পর্যায়ক্রমে শুরু হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানে কাজ শুরু করা হবে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষিঋণ মওকুফসহ জনগণের কল্যাণে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে। এসবই হচ্ছে জনগণের কাজ। ধানের শীষ জয়যুক্ত হলে ইনশাআল্লাহ ১৩ তারিখ থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে।

জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক প্রার্থীর হাতে তিনি ধানের শীষ তুলে দিয়েছেন। এখন ১২ তারিখ পর্যন্ত তাদের পাশে থেকে দেখভাল করার দায়িত্ব জনগণের। আর জনগণ যখন তাদের বিজয়ী করে আনবে, তখন ১৩ তারিখ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে জনগণের পাশে থাকা এবং জনগণের সেবা করা।

জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।