শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শীতের আমেজ কমে ঢাকায় বাড়ছে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা


শীতের প্রভাব কমে আসার সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

২৭ জানুয়ারী ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ 

শীতের আমেজ কমে ঢাকায় বাড়ছে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শীতের আমেজ অনেকটাই কেটে যাওয়ায় ঢাকায় তাপমাত্রা ধীরে ধীরে আগের তুলনায় বাড়ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। অন্যদিকে, সোমবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।