শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের


ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যেতে হবে এবং নিজের ভোট নিজে দিয়ে হিসাব বুঝে ঘরে ফিরতে হবে। কোনো ষড়যন্ত্র যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

২৫ জানুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ 

ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভোটের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার উৎস। ভোটের দিন ভোরে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার মাধ্যমে সেই ক্ষমতার প্রয়োগ করতে হবে।

রোববার ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র যাতে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ফেনী তার নানাবাড়ির এলাকা এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনীতে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি। তিনি বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের যেমন বিএনপির কাছে প্রত্যাশা রয়েছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে একটি দাবি আছে- তা হলো ধানের শীষকে বিজয়ী করা। বিএনপি যা বলবে, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।

গত ১৫ বছর মানুষের ভোটাধিকার দমন করা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়েছে। এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সময় নষ্ট না করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন।

নারী ও কৃষকদের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণাও দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সহায়তা পুরো মাসের জন্য যথেষ্ট নাও হতে পারে, তবে অন্তত এক সপ্তাহের অভাব দূর করে সাধারণ মানুষের উপকার করবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সারাদেশে উন্নত হেলথকেয়ার ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ফেনীকে দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দায়িত্ব অন্য এলাকার তুলনায় অনেক বেশি। অতীতে ধানের শীষ যতবার ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এবার সরকার গঠন করতে পারলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে আশ্বাস দেন তারেক রহমান।