বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সমালোচনার রাজনীতি ছেড়ে উন্নয়নের পথে আসার আহ্বান তারেক রহমানের


সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়, আর সেই পরিবর্তনের জন্য দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

২৫ জানুয়ারী ২০২৬, ১:৫১ অপরাহ্ণ 

সমালোচনার রাজনীতি ছেড়ে উন্নয়নের পথে আসার আহ্বান তারেক রহমানের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সমালোচনার রাজনীতিতে আবদ্ধ থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, “আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না।”

ক্ষমতায় এলে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে এবং খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে। পাশাপাশি চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

কঠোর নিরাপত্তার মধ্যে রবিবার বেলা ১২টা ১৪ মিনিটে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের করতালিতে পুরো পলোগ্রাউন্ড মাঠ মুখরিত হয়ে ওঠে। হাস্যজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব। গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তিনি। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দীর্ঘদিন পর দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এলেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে এটি তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি এই মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশকে ঘিরে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে যোগ দেওয়ার আগে তারেক রহমান নগরীর র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।