ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৪ জানুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
আইজিপি আরও বলেন, জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
সভায় আইজিপির দিকনির্দেশনার আলোকে নির্বাচনকালীন সময়ে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশের সব ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং কল্যাণমূলক নানা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা প্রদান, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি সুবিধা বাড়ানো।