সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান যুক্তরাষ্ট্রের


ইরানে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মার্কিন ভার্চুয়াল দূতাবাস।

১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ 

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান যুক্তরাষ্ট্রের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এক জরুরি নির্দেশনায় এ আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস।

নির্দেশনায় বলা হয়, ইরানে বিক্ষোভ দিন দিন বাড়ছে এবং তা সহিংস রূপ নিতে পারে। এর ফলে গ্রেপ্তার, আহতের সংখ্যা বৃদ্ধি, রাস্তা ও গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এসব কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। চলমান সংকটের কারণে বহু আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে বলেও জানানো হয়। এ অবস্থায় সম্ভব হলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নির্দেশনায় আরও বলা হয়, ‘ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে- এমন প্রস্তুতি নিন। যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান। এই মুহূর্তে ইরান ত্যাগ করুন।’ এছাড়া, ইরানে অবস্থানরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

যারা কোনো কারণে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধসহ জরুরি সামগ্রী মজুদ রাখার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। নির্দেশনায় বলা হয়, ‘আপনি যদি ইরান ছাড়তে না পারেন, তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন।’

এ ছাড়া যেসব এলাকায় বিক্ষোভ ও আন্দোলন চলছে, সেসব এলাকায় না যেতে মার্কিন নাগরিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।