বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬


ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার রাতে উত্তর সুলাভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২৯ ডিসেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ 

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (স্থানীয় সময়) রাত ৮টা ৩১ মিনিটে উত্তর সুলাভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল বাহিনী।

মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের অধিকাংশের মরদেহ তাদের নিজ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় বেশির ভাগ বয়স্ক বাসিন্দা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অন্তত ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধ তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভির সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি দাউদাউ করে জ্বলছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও দমকল বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে সহায়তা করেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বল অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং পুরোনো অবকাঠামোকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। চলতি মাসেই রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় অন্তত ১২ জনের।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।