সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জামায়াতের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক সমঝোতা বা জোটে গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ 

জামায়াতের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা বা রাজনৈতিক সহযোগিতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনও নির্ভরযোগ্য মিত্র নয়। দলটির রাজনৈতিক অবস্থান ও দর্শনের সঙ্গে এনসিপির মৌলিক পার্থক্য রয়েছে। ফলে জামায়াতের সঙ্গে কোনও সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপিকে তার রাজনৈতিক আদর্শ ও অবস্থানের জন্য কঠিন মূল্য দিতে হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন- জুলাইয়ের স্পিরিট ও বাংলাদেশ নিয়ে পরিকল্পনায় একমত হলে যে কোনও দল জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে। তবে এনসিপির অবস্থান এ ক্ষেত্রে স্পষ্ট এবং ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির মূলনীতি, রাষ্ট্রকল্প ও রাজনৈতিক দর্শন জামায়াতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যকে কেন্দ্র করেই এনসিপির জন্ম। এই তিনটি বিষয়েই অভিন্ন অবস্থান যেকোনও রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।

এনসিপির এই নেতা বলেন, তার বর্তমান বক্তব্য দলটির গত দেড় বছরের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি অভিযোগ করেন, অতীতে নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) নিয়ে জামায়াতের ভূমিকা সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করেছিল। সে সময় এনসিপির আহ্বায়ক স্পষ্টভাবে বলেছিলেন, ‘যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটও সম্ভব নয়’।

তিনি আরও জানান, জুলাই পদযাত্রার পর এনসিপির পক্ষ থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে- এই মর্মে সারাদেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয় আহ্বায়কসহ একাধিক নেতার বক্তব্যে।

সবশেষে সামান্তা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যাগুলো তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে এনসিপির যে রাজনৈতিক অবস্থান গড়ে উঠেছে, সেটিই তিনি সঠিক মনে করেন এবং নিজেকে সেই আদর্শের একজন সৈনিক হিসেবে দেখেন। বিএনপি বা জামায়াত যেকোনও দলের সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতির বাইরে গিয়ে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।