শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারে যাচ্ছেন শরিফ ওসমান হাদি, অবস্থা জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে


জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

১৮ ডিসেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ 

সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারে যাচ্ছেন শরিফ ওসমান হাদি, অবস্থা জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। হাদির পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরেই তার অপারেশন করা হবে। ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলা হয়, “আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।” একইসঙ্গে আবেগঘন ভাষায় উল্লেখ করা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এছাড়া খুনি যদি ভারতে পালিয়ে যায়, সে ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।