রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের অক্টোবরের প্রথম ৯ দিনে মশাবাহিত রোগটিতে ৫০ জনের মৃত্যু হলো। আর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৩ জন ঢাকা বিভাগের।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৩২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫০ জন।
ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে সচেতনতা বজায় রাখা জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।