মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিজয় দিবসে আকাশে ‘টিম বাংলাদেশ’ ৫৪ প্যারাট্রুপারের পতাকা হাতে বিশ্ব রেকর্ড


মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে জাতীয় গৌরব ও সক্ষমতার অনন্য প্রদর্শনী উপহার দিয়েছে সশস্ত্র বাহিনী। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে অবতরণের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

১৬ ডিসেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ 

বিজয় দিবসে আকাশে ‘টিম বাংলাদেশ’ ৫৪ প্যারাট্রুপারের পতাকা হাতে বিশ্ব রেকর্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ও ঐতিহাসিক এক প্যারাট্রুপিং প্রদর্শনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একযোগে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্যারাট্রুপিং প্রদর্শনী বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক প্যারাট্রুপারের একসঙ্গে পতাকা হাতে অবতরণের রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে একটি নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়, যা দেশের ইতিহাসে এক গর্বোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে প্রদর্শনী মহড়া চালিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে।এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। সকাল ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন বিমানবন্দরের প্রধান ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির মাধ্যমে দর্শকদের প্রবেশ করানো হয়।

অনুষ্ঠানস্থলে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। বিজয় দিবসের এই ব্যতিক্রমী আয়োজন রাজধানীবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।