বিস্ফোরণের আতঙ্ক • নিরাপত্তা শঙ্কার মধ্যেও রোনালদোর গোল, আল নাসরের দুর্দান্ত জয়
১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ অংশ নেয়। গ্রেফতারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা তেজগাঁও বিভাগ থেকে গ্রেফতার করা হয়েছে ১৯৬ জনকে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ওয়ারী বিভাগ থেকে ৯২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, উত্তরা বিভাগ থেকে ৪০ জন এবং রমনা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে তিনজনকে।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৯ ক্যান বিয়ার। এ ছাড়া একটি কলকীও উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযানে আরও উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।