শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ ইসির


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার জারি করা পরিপত্রে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ছবিসহ তালিকা ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

১২ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ ইসির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১২ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, চলমান জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকাই ব্যবহার করতে হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টেরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে তা মুদ্রণ পূর্বক ব্যবহার করতে পারবেন। সিডি সংগ্রহের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা পর্যায় থেকে কিংবা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আবেদন করতে হবে।

ইসি জানায়, ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫০০ টাকা এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা হারে ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে সিডির মূল্য জমা দিতে হবে। মূল্য জমার জন্য ট্রেজারি চালানের কোড নম্বর নির্ধারণ করা হয়েছে ১০৬০১০১১০০১২৫-১৪২৩২৫৩।পরিপত্রে আরও বলা হয়েছে, প্রার্থীদের সরবরাহকৃত ছবি ছাড়া ভোটার তালিকার সিডিকে ছবিসহ মুদ্রিত ভোটার তালিকার সঙ্গে শতভাগ যাচাই করে ভোটকেন্দ্রে পাঠাতে হবে, যেন কোনো ধরনের অসঙ্গতি না থাকে।

এ ছাড়া ভোট গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার সুবিধা রাখা হয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’-এর মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ইসি বলেছে, তফসিল ঘোষণার পরপরই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করে দ্রুত তাদের নিবন্ধন বিষয়ে অবহিত করতে হবে, যাতে প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ সংক্রান্ত নানা নির্দেশনা জারি করছে নির্বাচন কমিশন। এই নির্দেশনা ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে ইসি।