ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২১ নভেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এক বছর পর আবারও উপস্থিত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
গাড়ি থেকে নেমে তিনি হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। আগত অতিথিদের উদ্দেশে হাত তুলে অভিবাদনের জবাবও দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যের শুরুতেই তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর কিছুক্ষণ পর খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছালে তার বসার ব্যবস্থা রাখা হয় প্রধান উপদেষ্টার পাশের আসনে। সরকারপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানের শুরুতেই হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
গুলশান থেকে সেনাকুঞ্জে যাওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কো্কোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। তার গাড়িবহরের সঙ্গে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।