শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিপিএলে ফিক্সিং বিতর্কে দ্বিধায় ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়


ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের বিপিএলে খেলার বিষয়ে মতবিরোধে পড়েছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব চান, সন্দেহভাজনদের টুর্নামেন্ট থেকে বাদ দিতে। অন্যদিকে বিসিবি বলছে, দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তারা নির্দোষ। ফলে ডিসেম্বরের বিপিএল আয়োজন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

৮ নভেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ 

বিপিএলে ফিক্সিং বিতর্কে দ্বিধায় ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনকে ঘিরে ফের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে। ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের মাঠে নামতে না দেয়ার পক্ষে ক্রীড়া মন্ত্রণালয়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে নিষিদ্ধ করতে নারাজ বিসিবি।

সম্প্রতি ফিক্সিং, বকেয়া পারিশ্রমিক ও বিদেশি খেলোয়াড় সংকট নিয়ে সমালোচনায় থাকা বিপিএল নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কিন্তু সেই কমিটির ৯০০ পৃষ্ঠার রিপোর্টেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড।

তবুও বিসিবি অভিযুক্তদের খেলার অনুমতি দিয়েছে, যা নিয়ে অসন্তোষ জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, “ফিক্সিংয়ে জড়িত কারও বিপিএলে খেলার সুযোগ নেই। গুরুতর অভিযোগ প্রমাণিত হলে বিপিএলের আগেই ব্যবস্থা নিতে হবে।”

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে ফিক্সিং সন্দেহভাজন ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিবি ও মন্ত্রণালয়ের ভিন্ন অবস্থান নতুন অনিশ্চয়তা তৈরি করেছে টুর্নামেন্টকে ঘিরে।