শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

টাইফুন কালমেগির তাণ্ডব: ফিলিপাইনে নিহত ১৪০, নিখোঁজ শতাধিক


টাইফুন ‘কালমেগি’র আঘাতে ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে, নিখোঁজ অন্তত ১২৭ জন।সেবু ও আশপাশের অঞ্চলে ঘরবাড়ি, যানবাহন, অবকাঠামো ধ্বংস হয়েছে; আগ্নেয়গিরির ঢাল থেকে কাদা ধসে বহু ঘর চাপা পড়ে।উদ্ধারকাজ চলছে, ঝড়টি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ 

টাইফুন কালমেগির তাণ্ডব: ফিলিপাইনে নিহত ১৪০, নিখোঁজ শতাধিক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভয়াবহ টাইফুন ‘কালমেগি’র তাণ্ডবে মধ্য ফিলিপাইনে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে, আর ১২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। শক্তিশালী এ ঝড়টি বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। খবর এএফপির।

টাইফুনের ফলে সেবু প্রদেশসহ আশপাশের এলাকায় নদীর পানি উপচে পড়ে নগর ও গ্রামীণ অঞ্চল প্লাবিত হয়েছে। গাড়ি, জাহাজের কন্টেইনার ও ঘরবাড়ি ভেসে গেছে বন্যার তোড়ে। সেবু সিটি সংলগ্ন লিলোয়ান শহরে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৫টি মরদেহ; বহু এলাকার ভবনের ছাদ ধসে পড়েছে, রাস্তা বিধ্বস্ত হয়েছে।

ফিলিপাইনের জাতীয় নাগরিক প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে ১১৪ জন নিহতের তথ্য। সেবু প্রাদেশিক কর্তৃপক্ষের ২৮টি অতিরিক্ত মৃত্যু যোগ করলে মোট মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়ে যায়। পাশাপাশি নেগ্রোস দ্বীপ থেকেও অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় এক বাসিন্দা অ্যাটন জানান, বন্যার পানিতে ঘর ভেসে যেতে শুরু করলে তিনি ও তাঁর বাবা জানালা ভেঙে সাঁতরে বেরিয়ে আসেন, তবে তাদের প্রতিবন্ধী বোন ঘরের ভেতরেই আটকা পড়ে মারা যান।
অন্যদিকে, পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন পলিনার জানান, টাইফুনের প্রবল বৃষ্টিতে কানলাওন আগ্নেয়গিরির ঢালে জমে থাকা আগ্নেয় ছাই ও কাদা ধসে গ্রামগুলো চাপা পড়ে যায়। দুর্যোগ এলাকায় সহায়তায় যাওয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন প্রাণ হারান।