বিশেষ অর্জন • মিস ইউনিভার্সে মুকুট জিততে না পারলেও দুই বিভাগে সেরা মাহি
২৯ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার অভিনয়জীবন দীর্ঘদিনের। বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের মন জয় করলেও মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পর্কটা ছোটবেলার। এবার সেই পুরোনো ভালো লাগা থেকেই থিয়েটারে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সুযোগ পেলে মঞ্চে কাজ করে নিজের অভিনয় দক্ষতা যাচাই করতে চান তিনি।
সম্প্রতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের নামে প্রবর্তিত "আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬" গ্রহণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন পূর্ণিমা।
নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠান। এতে পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পদক দেওয়া হয়। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে পূর্ণিমা জানান, চলচ্চিত্রে তাঁর পথচলার ২৮ বছর চলছে। দীর্ঘ এই সময়ে এমন সম্মাননা পাওয়া তাঁর কাছে বিশেষ আনন্দের। তাঁর ভাষায়, এত বছর পর এই প্রথম এত সম্মানজনক একটি পদক হাতে পেয়ে মনে হচ্ছে, যেন নতুন করে তাঁর যাত্রা শুরু হলো।
নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের প্রতি নিজের শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি। ছোটবেলায় টেলিভিশনে তাঁর নাটক দেখতেন পূর্ণিমা। পরবর্তী সময়ে জানতে পারেন, অভিনয়ের পাশাপাশি নাটক লেখা, নির্দেশনা এবং চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আবদুল্লাহ আল মামুন পর্দায় এলেই তাঁর উপস্থিতি পুরো পর্দাকে আলাদা মাত্রা দিত বলে স্মৃতিচারণ করেন অভিনেত্রী। তাঁর নামে পদক পাওয়াকে জীবনের অন্যতম বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
মঞ্চনাটকের প্রতি নিজের আগ্রহের পেছনের গল্প জানাতে গিয়ে পূর্ণিমা বলেন, আট-নয় বছর বয়স থেকেই থিয়েটারের পরিবেশের সঙ্গে পরিচয় তাঁর। বড় বোন ঢাকা থিয়েটারের নান্দনিক দলের হয়ে মঞ্চনাটকে অভিনয় করতেন। তাঁর দুলাভাই রফিকুল্লাহ সেলিমও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মহড়ার সময় নিয়মিত সেখানে যেতেন পূর্ণিমা।
মহড়ার পুরো প্রক্রিয়া, মঞ্চের পেছনের প্রস্তুতি এবং নাটকের বিভিন্ন উপকরণ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর। এমনকি দীর্ঘদিনের অনুশীলনের কারণে অভিনেতাদের সংলাপও মুখস্থ হয়ে যেত। মঞ্চে নিজে অভিনয় না করলেও সামনে বসে প্রতিটি পরিবেশনা গভীর মনোযোগ দিয়ে দেখতেন তিনি।
থিয়েটার থেকে শেখা অভিনয়ের কিছু কৌশল এখনো তাঁকে অনুপ্রাণিত করে। বিশেষ করে মাইক্রোফোন ছাড়াই মঞ্চের শেষ সারিতে বসা দর্শকের কাছে স্বাভাবিক কণ্ঠে সংলাপ পৌঁছে দেওয়ার বিষয়টি তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। চিৎকার না করে স্পষ্ট উচ্চারণ ও অভিনয়ের স্বাভাবিকতা বজায় রেখে দর্শকের কাছে পৌঁছানোর এই কৌশল তাঁকে মুগ্ধ করেছে।
তাহলে কি বড় পর্দার পরিচিত মুখ পূর্ণিমাকে এবার মঞ্চেও দেখা যাবে? এমন সম্ভাবনা উড়িয়ে দেননি অভিনেত্রী। বরং আগ্রহের সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে থিয়েটারে কাজ করে দেখতে চান। মঞ্চনাটকেও নিজের অভিনয় কতটা মানিয়ে নিতে পারেন, সেটি চেষ্টা করে দেখতে আগ্রহী তিনি।
পদক পাওয়ার আনন্দঘন মুহূর্তটি বড় বোন ও দুলাভাই রফিকুল্লাহ সেলিমকে উৎসর্গ করেছেন পূর্ণিমা। তাঁর মতে, ছোটবেলায় তাঁদের হাত ধরেই থিয়েটারের সঙ্গে পরিচয় হয়েছিল। এ ছাড়া মহিলা সমিতির সঙ্গেও তাঁর অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ এবং বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এ আয়োজনে পূর্ণিমা ছাড়াও সম্মাননা পেয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খান।