বিশেষ অর্জন • মিস ইউনিভার্সে মুকুট জিততে না পারলেও দুই বিভাগে সেরা মাহি
২৯ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকেই দূতাবাস বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিল। নতুন করে তদন্ত শুরুর খবরে ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।
শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম "ইল গাজ্জেত্তিনো" এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাঁধনের ওপর হামলার ঘটনাটি সে সময় বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিষয়টি কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়েও গড়ায়। এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছিল।
ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায়। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত "দ্য ডিফিকাল্ট ব্রাইড" সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়। সিনেমার প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে বের হন তিনি।
এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের পথ আটকে ঘিরে ধরেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বাঁধনকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ ও নারীবিদ্বেষী মন্তব্য করা হয়। তাঁকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অভিনেত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। তাঁর শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয়। একপর্যায়ে দলটির একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তাঁর চশমা খুলে মাটিতে পড়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে বাঁধনের ভাই ও ভাবি এগিয়ে আসেন। তবে হামলাকারীদের কয়েকজন পুরো ঘটনার ভিডিও নিজেদের মোবাইল ফোনে ধারণ করেন।
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে নির্যাতন ও হেনস্তার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। হামলাকারীদের শনাক্ত করতে সহায়ক প্রমাণ হিসেবে তিনিও ঘটনার কিছু ভিডিও ধারণ করেছিলেন। পরবর্তী সময়ে নিজের ওপর হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ ঘটনায় এবার তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবর সামনে এলো। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।