সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আইনি জটিলতা •

সোনাক্ষীর বিকৃত নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তারের পর যুবককে মুক্তির নির্দেশ


এআই দিয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার সময় আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

১৫ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ 

সোনাক্ষীর বিকৃত নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তারের পর যুবককে মুক্তির নির্দেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার সময় পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি এমন পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযুক্তের মুক্তির আদেশ দেওয়া হয়।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। তাঁর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাঁর আপত্তিকর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। একপর্যায়ে আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে তাঁকে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করেন তদন্তকারীরা। পুলিশের যুক্তি ছিল, ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, গ্রেপ্তারের সময় আইন অনুযায়ী প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের কাছেও অভিযুক্তকে হাজির করা হয়নি।

আইনজীবীদের দাবি, অভিযোগকারী একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় পুলিশ তড়িঘড়ি করে গ্রেপ্তারের পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তাঁর দাবি, মামলায় উল্লেখ করা ধারাগুলোর সঙ্গে অভিযোগের প্রাথমিকভাবে যথাযথ সম্পর্ক নেই।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, দিল্লি থেকে গ্রেপ্তার করে সরাসরি মুম্বাইয়ে হাজির করার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি বিধান মানা হয়নি। অভিযুক্তকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করার বিষয়ে পুলিশের ব্যাখ্যাও সন্তোষজনক নয়।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, অভিযোগে উল্লেখ করা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার করলেই চলবে না, গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত পদ্ধতিও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এসব বিষয় বিবেচনায় পুলিশের গ্রেপ্তারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত।