প্রেমের গল্প • দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে রেকর্ড গড়ল তৌসিফ-তটিনী
১২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, উত্তরা বিভাগ থেকে ৫১ জন, লালবাগ বিভাগ থেকে ৪৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন এবং রমনা বিভাগ থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এসআরইউ তিনজন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে পুলিশ একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং দুটি নিষ্ক্রিয় করা ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। একই সঙ্গে ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।