বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
নতুন মাইলফলক •

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড কেইনের, সামনে রোনালদো


চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। ৩০ বছর পেরিয়ে এই প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা ৩৬। টানা নয় ম্যাচে গোল করে রোনালদোর রেকর্ডের দিকেও এগোচ্ছেন বায়ার্নের এই ইংলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

১৪ অক্টোবর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ 

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড কেইনের, সামনে রোনালদো
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চ্যাম্পিয়নস লিগে জয় না পেলেও ব্যক্তিগত অর্জনে আলো ছড়িয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-৩ গোলের ড্র ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। ৩০ বছর বয়স পার হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে গোল করার পরিসংখ্যানে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্নের এই তারকা।

৩০ বছর পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪০ ম্যাচ খেলে কেইনের গোলসংখ্যা এখন ৩৬। অন্যদিকে, একই বয়সের পর এই প্রতিযোগিতায় ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ভাইকিংয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি করেই মেসিকে পেছনে ফেলেন কেইন।

২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড। ৩০ বছর বয়সের পর গোলের হিসাবে তাঁর সামনে এখন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় বেনজেমার গোল ৩৭, লেভানডফস্কির ৬৪ এবং রোনালদোর ৬৮। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে শিগগিরই বেনজেমাকেও ছাড়িয়ে যেতে পারেন কেইন। তবে লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলতে তাঁকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা নবম ম্যাচে গোল করার কৃতিত্বও দেখিয়েছেন কেইন। এই কীর্তি রয়েছে লেভানডফস্কি ও সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিষ্টলরয়েরও। তবে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডটি এখনো রোনালদোর দখলে, যা তিনি গড়েছিলেন ২০১৮ সালে। সেই রেকর্ড ছুঁতে কেইনকে আরও দুই ম্যাচে এবং ভাঙতে হলে টানা তিন ম্যাচে গোল করতে হবে।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ব্যালন ডি'অর দৌড়েও আলোচনায় রয়েছেন কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন তিনি। বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের সাফল্যও রয়েছে তাঁর ঝুলিতে। এ ছাড়া বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমেও তাঁর গোলের ধারা অব্যাহত ৯ ম্যাচে করেছেন আট গোল।