শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ


রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ 

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি উদ্ধার করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

উদ্ধার করা ককটেলটি পরীক্ষা করে তাতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান। তাঁর ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা বস্তুটি সাধারণ পটকাজাতীয় বিস্ফোরক উপাদানের মতো ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার সামনে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, সে বিষয়ে প্রশ্ন করা হলে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে। তিনি আরও বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ককটেল নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।