বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১,৯৭৮ জন


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।

১ অক্টোবর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১,৯৭৮ জন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগীরা ভর্তি হন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮০৯ জন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মাসে মারা গেছেন ১৫২ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে- ৬৮৪ জন। চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, বরিশালে ২৬০ জন, খুলনায় ২৫৬ জন, রাজশাহীতে ২০৯ জন, রংপুরে ১০১ জন, ময়মনসিংহে ৯৪ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।