বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বমঞ্চে নারীরা •

প্রথমবার পূর্ণাঙ্গ কনসার্টের বৈশ্বিক লাইভস্ট্রিমে শাকিরা।


মাদ্রিদে শাকিরার আসন্ন কনসার্ট এবার শুধু সংগীতের আয়োজন নয়, লাতিন সংগীত ও সংস্কৃতিতে নারীদের অবদান উদযাপনের বৈশ্বিক মঞ্চ হতে যাচ্ছে। ৩ অক্টোবরের এই অনুষ্ঠান অ্যামাজন মিউজিকে সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি নারী শিল্পী, উদ্যোক্তা ও প্রযুক্তি কর্মীদের নিয়ে বিশেষ আয়োজন এবং লাতিন আমেরিকার নারীদের প্রযুক্তি প্রশিক্ষণের উদ্যোগও থাকছে।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ণ 

প্রথমবার পূর্ণাঙ্গ কনসার্টের বৈশ্বিক লাইভস্ট্রিমে শাকিরা।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শুধু গান আর নাচের আয়োজন নয়, এবার নারীর সাফল্য, আত্মবিশ্বাস ও ঘুরে দাঁড়ানোর গল্পকে সামনে রেখে বিশেষ এক উদযাপনের অংশ হতে যাচ্ছে শাকিরার মাদ্রিদ কনসার্ট। আগামী ৩ অক্টোবর মাদ্রিদে অনুষ্ঠিতব্য এই কনসার্ট বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। শাকিরার পূর্ণাঙ্গ কোনো কনসার্টের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে প্রথম বৈশ্বিক লাইভস্ট্রিম।

কনসার্টটি শাকিরার জনপ্রিয় "লাস মুকেরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর" এর শেষ পর্যায়ের আয়োজন। পাশাপাশি এটি তার "এস লাতিনা ইউরোপিয়ান রেসিডেন্সি"এরও অংশ। বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে দর্শকেরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। অ্যামাজন মিউজিকের পাশাপাশি প্রাইম ভিডিও, ফায়ার টিভির অ্যামাজন মিউজিক অ্যাপ এবং টুইচেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।

মাদ্রিদের অনুষ্ঠানকে কেন্দ্র করে অ্যামাজন মিউজিক আয়োজন করেছে "দ্য উইমেন শ্যাপিং লাতিন মিউজিক" শীর্ষক বিশেষ উদযাপন। এর মাধ্যমে লাতিন সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী শিল্পীদের পাশাপাশি নারী উদ্যোক্তা ও প্রযুক্তি খাতে কাজ করা নারীদের অবদানও তুলে ধরা হবে।

শাকিরার সাম্প্রতিক সংগীত যাত্রার সঙ্গে এই আয়োজনের বিষয় বস্তুরও রয়েছে গভীর যোগসূত্র। ব্যক্তিগত জীবনের কঠিন সময় থেকে পাওয়া অভিজ্ঞতা ও অনুপ্রেরণাকে শক্তিতে রূপ দিয়ে তিনি শুরু করেছিলেন "লাস মুকেরেস ইয়া নো ইয়োরান" সফর। সময়ের সঙ্গে সেই সফর শুধু কনসার্ট ট্যুরে সীমাবদ্ধ থাকেনি, বরং আত্মবিশ্বাস, নতুন করে নিজেকে আবিষ্কার এবং প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতীকে পরিণত হয়েছে।

বিশেষ এই আয়োজন নিয়ে শাকিরা জানিয়েছেন, সফরটি তার কল্পনার চেয়েও অনেক বড় পরিসরে পৌঁছেছে। এবার বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের সঙ্গে এই বিশেষ সন্ধ্যা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

কনসার্টের পাশাপাশি শাকিরাকে ঘিরে আরও বেশ কিছু আয়োজন রেখেছে অ্যামাজন মিউজিক। এর অংশ হিসেবে শাকিরার "দাই দাই স্পেনিশ রিমিক্স" এর নতুন সংস্করণ প্রকাশ করা হবে। একই সঙ্গে তার জনপ্রিয় "লন্ড্রি সার্ভিস" অ্যালবামের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কমলা ও হলুদ মার্বেল ভিনাইল সংস্করণও বাজারে আসছে।

মাদ্রিদে দর্শকদের জন্য থাকছে "এল মুসেও শাকিরা বাই অ্যামাজন মিউজিক" নামে একটি ইন্টার‌্যাকটিভ অভিজ্ঞতা। সেখানে সংগীতের পাশাপাশি শাকিরার ফ্যাশন, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হবে। নারী শিল্পীদের অংশগ্রহণে থাকছে বিশেষ আয়োজনও।

তবে উদযাপনটি শুধু সংগীত ও বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। লাতিন আমেরিকার নারীদের জন্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উদ্যোগও নিয়েছে অ্যামাজন মিউজিক। "লাস মুকেরেস আয়ুদান কন অ্যামাজন মিউজিক" কর্মসূচির মাধ্যমে নারীদের বিনা মূল্যে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে ১০ লাখ নারীর কাছে এই সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে শাকিরার মাদ্রিদ কনসার্ট এবার শুধু একটি বড় সংগীত আয়োজন নয়। সংগীত, সংস্কৃতি, প্রযুক্তি ও সামাজিক উদ্যোগকে একসঙ্গে যুক্ত করে লাতিন বিশ্বের নারীদের সৃজনশীলতা, অর্জন ও সম্ভাবনাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেই এটি সামনে আসছে।