যুক্তরাষ্ট্র-চীন নতুন বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে: শি জিনপিং
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নতুন নাটক বা সিনেমায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি, ভাবনা ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার বধূবেশের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে তাঁকে দেখা যায় লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা পরে একেবারে নববধূর সাজে। আশপাশের পরিবেশও সাজানো ছিল সনাতন ধর্মের বিয়ের আনুষ্ঠানিকতার আদলে। উঠোনে তৈরি করা হয়েছিল মণ্ডপ, ছিল কলাগাছ ও নানা রঙের সাজসজ্জা।
প্রভার এমন সাজ দেখে স্বাভাবিকভাবেই অনুসারীদের মধ্যে প্রশ্ন উঠেছে তবে কি বিয়ে করেছেন অভিনেত্রী? অবশ্য বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। বরং ছবির ক্যাপশনে নিজের অভিনয়শিল্পী পরিচয় এবং চরিত্র ধারণের বিষয়টিই তুলে ধরেছেন।
প্রভার বক্তব্য থেকে ধারণা করা যায়, ব্যক্তিগত জীবনের কোনো আয়োজন নয়, বরং অভিনয়ের প্রয়োজনে এমন বধূরূপে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। তবে এটি কোন নাটক, সিনেমা বা নতুন কোনো কাজের অংশ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
এদিকে অভিনয়ে বিরতি থাকলেও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর "দেনা পাওনা" সিনেমার বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে "দুই পয়সার মানুষ" নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি ছবিই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। তাই সাম্প্রতিক বধূবেশের ছবিগুলো নতুন কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য কি না, তা নিয়েই এখন তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।