মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল: অভিযোগ পেলে মাহবুবা হাকিমের বিষয়টি দেখবে ইসি


বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী মাহবুবা হাকিমের বক্তব্যসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ 

হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল: অভিযোগ পেলে মাহবুবা হাকিমের বিষয়টি দেখবে ইসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাগনি মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমএলএম’ ও ‘ব্যারিস্টার এট ল’ উল্লেখ করেছেন। তবে তার দাবি, তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং আইন বিষয়ে তার কোনো উচ্চতর ডিগ্রি নেই।

মঙ্গলবার গণমাধ্যমকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে কমিশন বিষয়টি আইনিভাবে খতিয়ে দেখবে।

মাহবুবা হাকিম বলেন, ‘আইন বিষয়ে আমার কোনো উচ্চতর ডিগ্রি নেই। আমি বুটেক্স থেকে পাস করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। হলফনামার সঙ্গে ওই সনদই জমা দেওয়া আছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, আইন বিষয়ে আমার কোনো সনদ নেই।’

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার সঙ্গে জমা দেওয়া সনদের গড়মিলের বিষয়ে মাহবুবা হাকিম বলেন, তার মনোনয়নপত্র তোলা, পূরণ ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়াই দলীয়ভাবে করা হয়েছে। তিনি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছেন। তার এই বক্তব্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের নজরে আনা হলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে। অভিযোগের আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

ইসি কমিশনার আরও বলেন, কেউ মিথ্যা তথ্য দিলে আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে মাহবুবা হাকিম আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, সেটি আগে যাচাই করতে হবে। এ জন্য অভিযোগ প্রয়োজন। তিনি জানান, অভিযোগ পেলে কমিশন শুনানি করবে এবং মাহবুবা হাকিমের বক্তব্য জানতে চাইবে। সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।