বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ রোগী শনাক্ত


সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ 

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ রোগী শনাক্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ রয়েছে। জুলাই মাসে সারা দেশে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। তবে সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৪ জন।

১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮০ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে তিন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সেপ্টেম্বরের প্রথমার্ধেই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।