মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার দাবি


ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন বাঁধন। তার দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন।

৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ 

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার দাবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন তিনি।

বাঁধন জানান, ভাইয়ের পরিবার নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়েছে বলে জানান অভিনেত্রী।

ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন। হামলার সময় তাকে গালাগাল করা হয় এবং কয়েকজন ব্যক্তি তার ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বাঁধন। সেসব ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে বাকবিতণ্ডা ও শারীরিকভাবে হেনস্তা করতে দেখা যায় বলে দাবি করেন তিনি।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’

ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’ এ সময় সজীব ওয়াজেদ জয়ের কাছেও বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান অভিনেত্রী। বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে রয়েছেন আজমেরী হক বাঁধন। সেখানে তিনি পরিচালক রুবাইয়াত হোসেনের সিনেমা ‘বাড়ির নাম শাহবাগ’ নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন।