শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

‘আন্ধার’-এ রহস্যময় ‘দেলোয়ার’ সিয়াম, প্রকাশ্যে নতুন লুক


রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই সিয়াম আহমেদের চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই রহস্যের কিছুটা অবসান ঘটিয়ে সিনেমাটিতে নিজের চরিত্রের নাম ‘দেলোয়ার’ এবং নতুন লুক প্রকাশ করেছেন এই অভিনেতা।

৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ 

‘আন্ধার’-এ রহস্যময় ‘দেলোয়ার’ সিয়াম, প্রকাশ্যে নতুন লুক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢালিউড নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মৃত্যু, কালোজাদু ও রহস্যময় আবহে নির্মিত টিজারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদকে দেখা গেলেও তার চরিত্রটি নিয়ে ছিল নানা প্রশ্ন।

এবার সেই রহস্যের জট কিছুটা খুললেন সিয়াম নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটিতে নিজের নতুন লুক প্রকাশের পাশাপাশি জানিয়েছেন, ‘আন্ধার’-এ তার চরিত্রের নাম ‘দেলোয়ার’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ‘আন্ধার’ সিনেমার ‘ফার্স্ট লুক টেস্ট’-এর একটি ঝলক শেয়ার করেন সিয়াম আহমেদ। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি তার চরিত্রের নাম প্রকাশ করেন।

প্রকাশিত ছবিতে গাঢ় লাল আলোর আবহে এক অচেনা ও রহস্যময় রূপে দেখা গেছে সিয়ামকে। মুখে ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোটে তাকে দেখা যায় গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে। ঠোঁটে জ্বলন্ত সিগারেট এবং ধোঁয়ার কুণ্ডলীর মধ্যেও তার তীক্ষ্ণ দৃষ্টি চরিত্রটির রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ‘আন্ধার’-এর টিজারেও ভিন্ন ভিন্ন রূপে হাজির হন সিয়াম। কখনো তাকে দেখা যায় একটি লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে। টিজারের শেষভাগে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করে।

এবার ‘দেলোয়ার’ চরিত্রের নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সাড়া ফেলেছেন সিয়াম। মন্তব্যের ঘরে দর্শক ও ভক্তরা রায়হান রাফী ও সিয়ামের এই নতুন জুটির কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ মুহূর্তে ঢালিউডের আলোচিত বড় বাজেটের ভৌতিক সিনেমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ‘আন্ধার’। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’। টিজারের পর এবার সিয়ামের ‘দেলোয়ার’ চরিত্রের নতুন লুক প্রকাশ পাওয়ায় সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।