নেপালে বন্যা-ভূমিধসে মৃত ১৭৭ এবং নিখোঁজ ৪০০
২৯ আগস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পরিচালক মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে পরিচালক মো. ইকবাল বলেন, এখনই তার চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চান না। তবে গল্প ও চরিত্রটি বাপ্পারাজের পছন্দ হয়েছে এবং তিনি কাজটি করতে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় নির্মাতা দলও আনন্দিত বলে জানান তিনি। চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।
নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পের জন্যই যুক্ত হওয়া। নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটা শুনে ভালো লেগেছে। এখন তো মনের মতো গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।’
নির্মাতাদের তথ্যমতে, ‘গুলশানের চামেলী’র গল্প ও চিত্রনাট্য গড়ে উঠেছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের নানা বাস্তবতাকে কেন্দ্র করে। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।
এই সিনেমার মাধ্যমে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। একই সিনেমায় দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন আমিন খানও। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি বাপ্পারাজকে। চলতি বছরের শুরুতে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’-এ অভিনয় করেছিলেন তিনি। তবে প্রযোজনা জটিলতায় বর্তমানে সিরিজটির কাজ বন্ধ রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমাতেও যুক্ত হন বাপ্পারাজ এবং এর শুটিংয়ে অংশ নেন। সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন। এবার ‘গুলশানের চামেলী’তে চুক্তিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় নিয়মিত ফেরার ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই অভিনেতা।