সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা


এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১৭ আগস্ট ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ 

এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদন একসঙ্গে যাচাই করে পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ভবিষ্যতে খাতা পুনর্মূল্যায়নের প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট ও কার্যকর করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে। এর ফলে অপ্রয়োজনীয় বা ব্যাপকসংখ্যক আবেদন কমানো সম্ভব হবে এবং প্রকৃত প্রয়োজনের ক্ষেত্রে পুনর্মূল্যায়নের সুযোগ নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজে বাংলাদেশে পড়াশোনার জন্য ভিসা পেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই।

‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।