শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর দামের তথ্য ফাঁস


বাজারে আসার আগেই ফাঁস হয়েছে স্যামসাংয়ের পরবর্তী ফ্যান এডিশন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই-এর ডিজাইন ও সম্ভাব্য রঙের তথ্য। নতুন রেন্ডার অনুযায়ী, ফোনটি কালো, সবুজ ও বেগুনি- এই তিন রঙে আসতে পারে। পাশাপাশি ফাঁস হওয়া তথ্য থেকে মিলেছে সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশনের ধারণাও।

৮ আগস্ট ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ 

আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর দামের তথ্য ফাঁস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই বাজারে আসার আগেই এর বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রেন্ডারে ফোনটির নকশা ও সম্ভাব্য তিনটি রঙের সংস্করণ দেখা গেছে।

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ এফই-এর নকশায় চলতি বছরের গ্যালাক্সি এস২৬ সিরিজের ছাপ থাকবে। ফোনটির পেছনে সামান্য উঁচু ক্যামেরা মডিউল দেখা গেছে। সেখানে উল্লম্বভাবে সাজানো তিনটি ক্যামেরা সেন্সর এবং পাশে একটি এলইডি ফ্ল্যাশ রাখা হতে পারে।

ফোনটি কালো, সবুজ ও বেগুনি রঙে বাজারে আসতে পারে। তবে এসব রঙের আনুষ্ঠানিক নাম এখনো জানা যায়নি। ডিভাইসটির পেছনের প্যানেল ও ফ্রেম সমতল নকশার হতে পারে। ডান পাশে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন। সামনে পাতলা বেজেলের ডিসপ্লে এবং মাঝখানে সেলফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট দেখা গেছে। তবে নিচের বেজেল অন্য তিন পাশের তুলনায় কিছুটা মোটা হতে পারে।

সম্ভাব্য দাম কত?

স্যামসাং এখনো গ্যালাক্সি এস২৬ এফই-এর দাম আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা। এদিকে ইউরোপের বাজারে একই সংস্করণের সম্ভাব্য দাম ৭৯৯ ইউরো বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে বাংলাদেশে কর, আমদানি শুল্ক ও অন্যান্য খরচের কারণে ফোনটির প্রকৃত বাজারমূল্য এর চেয়ে বেশি বা কম হতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ এফই-তে থাকতে পারে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি দেওয়ার কথা শোনা যাচ্ছে।

চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটিতে ৪৫ ওয়াট তারযুক্ত এবং ১৫ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা থাকতে পারে। পারফরম্যান্সের জন্য স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৫০০ চিপসেট এবং ১২ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯-এ চলতে পারে। পাশাপাশি পানি ও ধুলা প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং থাকতে পারে বলেও আগের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে।

কবে বাজারে আসবে?

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ এফই আগামী সেপ্টেম্বর মাসে উন্মোচন হতে পারে। জার্মানিতে অনুষ্ঠেয় আইএফএ ২০২৬ প্রযুক্তি মেলার সময় ফোনটি উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। তবে এখন পর্যন্ত স্যামসাং ফোনটির উন্মোচনের তারিখ, দাম কিংবা পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে ফাঁস হওয়া এসব তথ্যের ক্ষেত্রে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত কিছুটা অনিশ্চয়তা থাকছে।