৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
৪ আগস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে নতুন করে সহিংসতা বেড়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, উভয় দেশেই ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। এর আগে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার প্রশাসনিক প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
এদিকে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, সীমান্তের বিভিন্ন এলাকায় হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। হামলার পর সেখানে আগুন লাগে এবং পেট্রোলপাম্পসহ আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া রাতভর চালানো আরেকটি হামলায় জাপোরিঝঝিয়ায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উসপেনিভকা নামে দুটি বসতি দখল করেছে।
অন্যদিকে রাশিয়ার বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর একটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলার দাবি করা হয়েছে। পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের ওই গুদামে হামলা চালানো হয়।
কিয়েভের দাবি অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ভাষ্য, প্রতিষ্ঠানটিতে সামরিক ও বেসামরিক- উভয় কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন সরঞ্জাম, যেমন ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল বিক্রি করা হয়।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠককে ইতিবাচক উল্লেখ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে ট্রাম্পের আগের প্রতিশ্রুতি থেকে তিনি সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।