এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
৩১ জুলাই ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
ফিফার নতুন বাণিজ্যিক কাঠামো গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, ফিফার প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে তারা ভবিষ্যতের ফিফা আয়োজিত প্রতিযোগিতা, বিশেষ করে বিশ্বকাপ বয়কট করবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের অধীনে ফিফার বিপণন, সম্প্রচার অধিকার, স্পনসরশিপ, টুর্নামেন্ট ব্যবস্থাপনাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফাই দায়িত্বে থাকবে এবং নতুন প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মালিকানাও তাদের কাছেই থাকবে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এর মাধ্যমে ‘ফিফা ফাস্ট ফরওয়ার্ড প্রোগ্রাম’ (এফএফএফপি) বাস্তবায়নের জন্য প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অর্থ বিশ্বজুড়ে ফুটবল উন্নয়ন কার্যক্রমে ব্যয় করার কথা জানিয়েছে ফিফা।
তবে উয়েফার দাবি, ফুটবলের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার এই উদ্যোগ ভবিষ্যতে খেলাটির স্বাধীনতা, স্বচ্ছতা ও প্রশাসনিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই তারা পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
যদিও এই প্রস্তাব কার্যকর করতে হলে ফিফার ৩৭ সদস্যবিশিষ্ট কাউন্সিলের অনুমোদনের পাশাপাশি অধিকাংশ সদস্য দেশের সমর্থন প্রয়োজন হবে। ফলে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমান সূচি অনুযায়ী, সামনে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী বিশ্বকাপ। এরপর ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। উয়েফার বয়কটের সিদ্ধান্ত বহাল থাকলে এই দুটি আসরসহ ভবিষ্যতের ফিফা টুর্নামেন্টগুলো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উয়েফার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানায়নি। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন কঠোর অবস্থান বিশ্ব ফুটবল প্রশাসনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে।