মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আজ ঢাকায় আসছেন আতিফ আসলাম


সব ধরনের অনিশ্চয়তা ও কনসার্ট বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়ে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট।

২২ জুলাই ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ 

আজ ঢাকায় আসছেন আতিফ আসলাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা পিছিয়ে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ভেন্যুর সব ধরনের প্রস্তুতিও শেষ হয়েছে।

আয়োজকদের প্রতিনিধি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আতিফ আসলাম ঢাকায় আসছেন এবং নির্ধারিত সূচি অনুযায়ীই কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান। গত বছরের একটি বড় আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ায় নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান আয়োজন নিয়ে তারা আশাবাদী। 

আতিফ আসলাম ঢাকায় পৌঁছানোর পর তাকে নিয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে সংবাদমাধ্যমের জন্য কভারেজ, প্রবেশ, ভিডিও ধারণ এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হবে। বহুল প্রতীক্ষিত এ কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই রাজধানীতে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের এই প্রতীক্ষিত সংগীত সন্ধ্যা।