শুক্রবার, ১২ জুন, ২০২৬

হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন


জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭:৩০টা থেকে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী। হঠাৎ করেই অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে, যা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

১২ জুন ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ 

হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শুক্রবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা হঠাৎ লক্ষ্য করেন যে তাদের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ কাজ করছে না। কোনো কোনো ব্যবহারকারীর আইডি নিজে থেকেই লগআউট হয়ে যায় এবং পরবর্তীতে সঠিক পাসওয়ার্ড দিয়েও তারা লগইন করতে পারছিলেন না। অ্যাপে প্রবেশ করতে গেলে "সেশন এক্সপায়ারড" বা "প্লিজ লগইন এগেইন" বার্তা দেখাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আউটেজ ট্র্যাকিং সাইট ‘ফাস্টডাউন’-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ইউনিলেইড' জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট সচল করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি ব্যবহারকারী এই আউটেজের বিষয়ে রিপোর্ট জমা দিয়েছেন।

এদিকে হঠাৎ অ্যাকাউন্ট লগআউট হয়ে যাওয়ায় অনেক ব্যবহারকারী প্রথমে ধারণা করেছিলেন তাদের আইডি হ্যাক হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা তৈরি হয়। তবে বিশ্বজুড়ে একই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্পষ্ট হয় যে এটি মেটার নিজস্ব সার্ভারজনিত সমস্যা।

তাৎক্ষণিকভাবে এই বৈশ্বিক বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি মেটার মূল ডেটা সেন্টারের কোনো সার্ভারজনিত সাময়িক ত্রুটি, আপডেটজনিত বাগ কিংবা বড় কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে। সাধারণত এ ধরনের কারিগরি জটিলতা মেটার প্রকৌশলীরা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জার পুরোপুরি সচল করার জন্য মেটার কারিগরি দল কাজ করে যাচ্ছে।