শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পুরো ব্যান্ড নিয়ে ঢাকা মাতাতে আসছেন অনুপম রায়


ঢাকার সংগীতপ্রেমীদের গান শোনাতে আবারও বাংলাদেশে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। আগামী ২৬ জুন (শুক্রবার) পুরো ব্যান্ডদলসহ ঢাকার একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন তিনি। ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। ইতিমধ্যেই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়েছে।

৩০ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ 

পুরো ব্যান্ড নিয়ে ঢাকা মাতাতে আসছেন অনুপম রায়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অনুপম রায়ের ঢাকা আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশের শ্রোতাদের মাঝে বেশ উদ্দীপনা ও উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে এবার তিনি একা নন, বরং তাঁর পুরো ব্যান্ড দল নিয়ে লাইভ পারফর্ম করবেন-এমন খবরে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এ দেশের শ্রোতাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন: “আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।”

এর আগে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে সবশেষ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। তারও আগে, ২০২৩ সালের জুলাই মাসে এই একই আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর ব্যানারে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। সে সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মাতানোর পাশাপাশি ঢাকার রাস্তায় তাঁর সাধারণ মানুষের মতো হেঁটে বেড়ানোর একটি ভিডিও ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’ জানিয়েছে, ‘অন ট্রু সাউন্ড’ কনসার্টটির মূল ভেন্যু এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রোতাদের জানিয়ে দেওয়া হবে।