মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

“কন্যাকে নিরাপদ রাখতে অস্ত্র চাই”- ভাইরাল আবেদনে নেটদুনিয়ায় তুমুল আলোচনা


বরগুনার আমতলীতে চার বছরের কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শটগান বরাদ্দের আবেদন করেছেন এক বাবা। আবেদনপত্রে লেখা একটি বাক্য- “সন্তান আমার, রাষ্ট্রের নয়” সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশুনির্যাতন ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ থেকেই এমন আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।
“কন্যাকে নিরাপদ রাখতে অস্ত্র চাই”- ভাইরাল আবেদনে নেটদুনিয়ায় তুমুল আলোচনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বরগুনার আমতলীতে এক বাবার আবেদনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চার বছরের কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন গুলিশাখালীর ডালাচড়া গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই আবেদনপত্রে তিনি লিখেছেন, “সন্তান আমার, রাষ্ট্রের নয়।” একটি মাত্র বাক্যই যেন নাড়া দিয়েছে বহু মানুষকে। আবেদনপত্রে উঠে এসেছে একজন পিতার ভয়, উদ্বেগ ও অসহায়ত্বের চিত্র।

মাসুদুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, দেশে ধারাবাহিকভাবে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার খবর দেখে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। একজন বাবা হিসেবে কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি আর নিশ্চিন্ত থাকতে পারছেন না। তাই আত্মরক্ষার জন্য বৈধভাবে একটি শটগান বরাদ্দ চেয়েছেন তিনি।

ভাইরাল হওয়া আবেদনপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে একজন পিতার বুকফাটা আর্তনাদ হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, এটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার বহিঃপ্রকাশ।

অনেকে মন্তব্য করেছেন, একটি সমাজে যদি একজন বাবাকে সন্তানের নিরাপত্তার জন্য অস্ত্রের আবেদন করতে হয়, তবে সেটি নিঃসন্দেহে উদ্বেগজনক বার্তা বহন করে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, আবেগ থেকে করা এমন আবেদন বাস্তবসম্মত সমাধান নয়; বরং শিশু সুরক্ষায় কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন।

তবে ভাইরাল হওয়া আবেদনপত্রটির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবুও ঘটনাটি নতুন করে সামনে এনে দিয়েছে একটি বড় প্রশ্ন- একজন বাবাকে কেন সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রের কথা ভাবতে হয়?