বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

‘রাগ করলা’ ট্রেন্ড নিয়ে ক্ষোভ নিলয়ের, বললেন ‘রুচির দুর্ভিক্ষ’


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রবণতাকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে মন্তব্য করেন।
‘রাগ করলা’ ট্রেন্ড নিয়ে ক্ষোভ নিলয়ের, বললেন ‘রুচির দুর্ভিক্ষ’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে ‘রাগ করলা’ সংলাপটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স থেকে শুরু করে বিভিন্ন মিম ও ভিডিওতে ব্যবহার করা হচ্ছে এই সংলাপ। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

এই ভাইরাল ট্রেন্ড নিয়ে এবার বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের ফেসবুক পোস্টে তিনি নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনা ও ভাইরাল সংস্কৃতির কড়া সমালোচনা করেন।

নিলয় লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।” তার এই মন্তব্যে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সাধারণ ব্যক্তি বা বিষয়কে হঠাৎ অতিরিক্ত জনপ্রিয় করে তোলা এবং পরে সেটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার প্রবণতার সমালোচনা উঠে এসেছে।

নিলয়ের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, বর্তমানে ভাইরাল কনটেন্টের প্রতি মানুষের অতিরিক্ত ঝোঁক সত্যিই উদ্বেগজনক।

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপ বলে পরিচিতি পাওয়া এক কথিত কবিরাজের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ওই ব্যক্তি আসলে একজন অভিনেতা। তার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন।