৩৮৬ রানে পাকিস্তান অলআউট, ২৭ রানের লিড বাংলাদেশের
১১ মে ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি জোরেশোরে চলছে। এবার ঢাকা মহানগরীতে মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাটে পশু কেনাবেচা হবে।
দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়াও চলমান রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, এবার ডিএসসিসি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারুলিয়া স্থায়ী পশুর হাটে এবার কোরবানির পশু বিক্রি হবে না।
তিনি বলেন, “প্রথম বিজ্ঞপ্তিতে সারুলিয়া হাট অন্তর্ভুক্ত ছিল। পরে আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর সংশোধিত বিজ্ঞপ্তিতে সেটি বাদ দেওয়া হয়। ফলে এবার দক্ষিণ সিটিতে ১১টি হাট বসছে।” ডিএসসিসির ১১টি হাটের মধ্যে ৯টির ইজারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দুটি হাটে সন্তোষজনক দর না পাওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে।
ডিএসসিসি এলাকার অস্থায়ী হাটগুলো বসবে-পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব এলাকা, রহমতগঞ্জ ক্লাব এলাকা, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাব নগর ইস্টার্ন হাউজিং এলাকা, শিকদার মেডিকেল-সংলগ্ন এলাকা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন এলাকা, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত সড়ক এলাকা, বনশ্রী হাউজিং এলাকা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন এলাকা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টার এলাকায়।
অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ১৫টি অস্থায়ী পশুর হাট বসবে। ডিএনসিসির অস্থায়ী হাটগুলো বসবে-মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিং এলাকা, কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা কাঁচাবাজার এলাকা, পূর্ব হাজীপাড়া, মোহাম্মদপুর বছিলা, উত্তরা দিয়াবাড়ি, রানাভোলা এলাকা, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর, মস্তুল চেকপোস্ট এলাকা, ভাটারা সুতিভোলা খালপাড়, বনরূপা আবাসিক প্রকল্প, মহাখালী টিএন্ডটি মাঠ, বাড্ডা থানাধীন স্বদেশ প্রপার্টি এলাকা এবং বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গায়।
উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত সাতটি হাটে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দরপত্র যাচাই-বাছাই শেষে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুই সিটি করপোরেশন সূত্র জানায়, ঘোষিত ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনেক হাটে পশু বিক্রি শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে। অতীতেও ইজারার শর্ত ভঙ্গ করে আগেভাগে পশু আনা ও বিক্রির অভিযোগ উঠেছিল।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে বিপুলসংখ্যক পশু পরিবহণ, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এবারও বাড়তি প্রস্তুতি নিতে হবে দুই সিটি করপোরেশনকে। বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে নিরাপত্তা, বিশুদ্ধ পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।