রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকাসহ ১৭ জেলায় রাতে কালবৈশাখীর আভাস, ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকাসহ ১৭ জেলায় রাতে কালবৈশাখীর আভাস, ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকাসহ দেশের ১৭ জেলায় রাতে প্রবল কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি তীব্র বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

রোববার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি প্রবল বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংস্থাটি বলছে, সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এছাড়া এর পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এরপর দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।