মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের চেষ্টা: মির্জা ফখরুল


আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের চেষ্টা: মির্জা ফখরুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আগেও বলেছি, এখনও বলছি- আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।” তিনি জানান, জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের দেওয়া বিভিন্ন পরামর্শ সরকার গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের মূল ভিত্তি এবং এটি তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্রও আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার ওপরও জোর দেন তিনি। “জনগণই এই দেশের মালিক”- উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, এই সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেসব দুর্নীতির তদন্ত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলনের মতো আয়োজন প্রতিবছর হওয়া প্রয়োজন। এতে কেন্দ্রীয় সরকার ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়ে এবং কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় আরও বাড়ানোর কথাও জানান তিনি।