মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিরোধীদলের কাঁধে ‘স্বৈরাচারের ভূত’- টাঙ্গাইলে তারেক রহমানের মন্তব্য


বর্তমান বিরোধীদলের আচরণে স্বৈরাচারী প্রবণতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলে এক জনসভায় তিনি বলেন, ‘স্বৈরাচারের ভূত’ এখন বিরোধীদলের ওপর ভর করেছে।

১৪ এপ্রিল ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ 

বিরোধীদলের কাঁধে ‘স্বৈরাচারের ভূত’- টাঙ্গাইলে তারেক রহমানের মন্তব্য
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন, তখন বিরোধীদল ঘোষণা দিয়েছিল বিএনপিকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না। তিনি দাবি করেন, বর্তমানে যারা বিরোধীদলে আছে তারাও একই ধরনের আচরণ শুরু করেছে। তিনি বলেন, ‘আমরা দেখছি এখন যারা বিরোধী দলে বসছে, তারাও একই কাজ করছে। ওই যে স্বৈরাচারের ভূত, সেটাই তাদের ওপর আছর করেছে।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবার আগে এতে সই করেছে। কিন্তু অন্য দলগুলো প্রথমে দ্বিধায় ছিল, কেউ কেউ আবার নির্বাচনের পর তড়িঘড়ি করে এতে যোগ দেয়। এ বিষয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, যারা পরে সই করেছে, তারা আগে কেন এগিয়ে আসেনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি যে জুলাই সনদে সই করেছে, তা বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে কোনো ধরনের পরিবর্তন হবে না। তবে দলের বিভিন্ন জনমুখী কর্মসূচি-যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ-বাধাগ্রস্ত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, দেশের মানুষ যখন সংস্কারের কথা বলছে, তখন মনে রাখতে হবে- এই প্রস্তাব প্রথম বিএনপিই দিয়েছিল। ২০১৬ সালে খালেদা জিয়া-এর নেতৃত্বে সংস্কারের রূপরেখা এবং ২০২৩ সালে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। পরে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকার সংস্কার কমিশন গঠন করলে দেখা যায়, সেসব প্রস্তাবের অধিকাংশই বিএনপির প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত থাকলেও তা সমাধান হতে হবে আলোচনার মাধ্যমে। শেষে তিনি বলেন, বাংলাদেশই সবার একমাত্র ঠিকানা এবং এই দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।