মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বুড়িমারী স্থলবন্দর থেকেই চলবে ‘বুড়িমারী এক্সপ্রেস’, ছয় মাসের মধ্যে ঘোষণা


উত্তরের জেলা লালমনিরহাট-এর মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে মূল স্টেশন থেকেই যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বুড়িমারী এক্সপ্রেস’। আগামী ছয় মাসের মধ্যে বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে সরাসরি ট্রেন চলাচল নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ 

বুড়িমারী স্থলবন্দর থেকেই চলবে ‘বুড়িমারী এক্সপ্রেস’, ছয় মাসের মধ্যে ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।

মন্ত্রী বলেন, জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, আগামী ২৮ তারিখের মধ্যে এসব উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করা হবে। “আমরা চাই লালমনিরহাটের মানুষ দ্রুত দৃশ্যমান পরিবর্তনের সুফল ভোগ করুক। বিশেষ করে যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে,” বলেন তিনি।

লালমনিরহাটের মানুষের অন্যতম প্রধান দাবি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে।

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বড় প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে বলেও জানান তিনি। ট্রেন চলাচল শুরুর পাশাপাশি বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করা, নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান ও মো. রোকন উদ্দিন বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।